সেঞ্চুরি যেন টেরই পাননি! মাইলফলকে পৌঁছানোর পর একটু অপেক্ষা করলেন। এরপর দুই হাত প্রসারিত করে তুললেন ব্যাট। অন্য প্রান্তের ব্যাটসম্যান সঞ্জু স্যামসনও তখন জড়িয়ে ধরে অভিবাদন জানানোর অপেক্ষায়। সেটা আরও বাড়ল। কারণ, অভিষেক যে বসে পড়লেন মেডিটেশনে!
কিন্তু মাঠে তো আর মেডিটেশন (ধ্যান বা মনের বিশেষ ব্যায়াম) করার সুযোগ নেই। তাই শুধু মেডিটেশনের ভঙ্গিতে উদ্‌যাপনটাই করলেন বাঁহাতি ওপেনার। কিন্তু অভিষেকের এমন উদ্‌যাপনের কী কারণ?
মনে হতে পারে, অভিষেক ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডের উদ্‌যাপন নকল করলেন নাকি! অভিষেক সম্পর্কে আরেকটু জানাশোনা থাকলে বুঝতে পারার কথা, হলান্ড নয়, এই উদ্‌যাপন তো ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংয়ের জন্য।