নতুন ডিলার (পরিবেশক) নিয়োগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সারের সরবরাহ ও বিতরণে অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান পরিবেশকদের অনেকে বাদ পড়ার আশঙ্কা করছেন। তাঁরা মনে করছেন, সরকারদলীয় নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা নতুন ডিলারের দায়িত্ব পেতে যাচ্ছেন। ফলে বাদ পড়ার আশঙ্কা থেকে অনেকে সার বিতরণে অনাগ্রহ দেখাচ্ছেন। সরকারের একটি সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ইচ্ছা করেই সার উত্তোলন ও বিতরণে দেরি করছেন অনেক ডিলার। তাঁরা কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে বিভিন্ন এলাকায় সার নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।