নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমেছিলেন নারী–শিশুসহ ছয় স্বজন। তাঁদের মধ্যে পাঁচজন স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তাঁদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেন স্থানীয় এক তরুণ। দুজনকে টেনে পাড়ে তোলার পর আরেকজনকে উদ্ধার করতে গিয়ে তিনি তলিয়ে যান। প্রায় ১৯ ঘণ্টা নিখোঁজ থাকার পর ওই তরুণসহ দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ আছেন দুজন।
গতকাল শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ চারজনের সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। আজ শনিবার ভোর থেকে অভিযান চালিয়ে সকাল ১০টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়। বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ অন্য দুজনের সন্ধানে অভিযান চলছে।