শিক্ষকসংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা নির্ভরশীল হয়ে পড়ছেন প্রাইভেট ও কোচিংয়ের ওপর।
প্রতিদিন আটটি ক্লাস হওয়ার কথা, হচ্ছে এক বা দুটি। নেত্রকোনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বাস্তবতা এখন এমনই। মাত্র দুজন শিক্ষক দিয়ে সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে পড়াতে হচ্ছে। অন্যান্য বিভাগেও কম শিক্ষক দিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। ফলে প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
নেত্রকোনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খুসবো তারান্নুমের প্রতিদিন আটটি ক্লাস হওয়ার কথা। কিন্তু শিক্ষকসংকটের কারণে নিয়মিত এক থেকে দুটির বেশি ক্লাস হয় না। আর চতুর্থ বর্ষের ইমরান আহমেদের নয়টি ক্লাস হওয়ার কথা থাকলেও গড়ে ক্লাস হয় একটি। ফলে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পাঠদানে তৈরি হচ্ছে দীর্ঘস্থায়ী ঘাটতি।