গাজীপুরের জয়দেবপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি কালভার্টের নিচ থেকে লাগেজে ভরা অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহের অন্যান্য অংশও উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিকেলে জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের পাশের একটি কালভার্টের নিচে নীল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুলে নারীর অর্ধগলিত মরদেহের খণ্ডাংশ দেখতে পায়। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। পুলিশ দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।