বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়ার খালে এ অভিযান চালানো হয়।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি চালান। এ সময় ট্রলার থেকে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।