বিদেশে গিয়ে সংসারের হাল ধরার স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে এখন শুধু লাশ ফেরত চাওয়ার আকুতি। রাশিয়ায় কাজের কথা বলে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ময়মনসিংহের আল মামুনকে। ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।
আল মামুন (২৪) ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের মৃত আবুল কাশেম ও রোকেয়া খাতুন দম্পতির একমাত্র ছেলে। দেশে তিনি ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিংয়ের কাজ করতেন। স্ত্রী, এক ছেলে ও পাঁচ মাসের মেয়েকে রেখে চলতি বছরের ৭ মে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। লক্ষ্য ছিল বিদেশে গিয়ে সংসারে সচ্ছলতা ফেরাবেন।