কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মায়ের মৃত্যুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর পাঁচ ঘণ্টার প্যারোল আবেদন মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামে পৌঁছে শেষকৃত্যে অংশ নেন।
জানতে চাইলে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ আজ সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বলেন, কারাগারে প্যারোলের আদেশ পৌঁছানোর পর বিকেল চারটার দিকে চিন্ময়কে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে তিনি তাঁর মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ধর্মীয় রীতি অনুযায়ী যা যা করার সব করছেন। তিনি আরও বলেন, পুণ্ডরীক ধাম ও আশপাশ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।