নাটোরের বড়াইগ্রামে একটি ঘরে একসঙ্গে কয়েকজন তরুণের রামদা ধার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য এক প্রার্থী ও তাঁর অনুসারীদের দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে।
গত সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ঘরে খাটের ওপর বিছানায় চার তরুণ বসে বড় বড় রামদা সিরিশ কাগজ দিয়ে ঘষে ধার দিচ্ছেন। কয়েকজন চেয়ারে বসে রামদা ধার দিচ্ছেন। একজন বড় একটা ছুরি ধার দিচ্ছিলেন। ধার দেওয়ার শব্দও শোনা যাচ্ছিল ভিডিওতে। বিছানার ওপর পড়ে আছে কয়েকটি হকিস্টিক। এ সময় একজন ওই ঘরে ঢুকে বলছেন, ‘এখানে ঘোষাঘোষি কিসের?’