রাজধানীর উত্তরা পশ্চিম থানার দুটি আলাদা হোটেল থেকে চীনের দুই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের একজনের নাম লি শিং চিয়াং। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। অপরজনের নাম-পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে একজন এবং ৪ নম্বর সেক্টরের মেরিনো হোটেল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।