উচ্চ আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশের পরও মোহাম্মদপুরের জনতার বাজার-১-এ তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাজারটির উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের অভিযোগ, আদালতের আদেশের অনুলিপি ঢাকা জেলা প্রশাসনের কাছে দেওয়ার পরও ৩ সেপ্টেম্বর কর্মচারীদের বের করে দিয়ে বাজারের প্রধান ফটকে তালা দেওয়া হয়।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জনতার বাজার-১-এর উদ্যোক্তারা। তাঁরা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্থিতাবস্থা বজায় রেখে বাজারটি আবার চালুর দাবি জানিয়েছেন।