সেনানিবাসে বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে গত বছর রাশিয়ায় পাঠানো হয় লক্ষ্মীপুরের জাহাঙ্গীর আলমকে। কিন্তু খাবার তৈরি নয়, তাঁকে পাঠিয়ে দেওয়া হয় সরাসরি ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে।
সাত মাস পর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে আসেন জাহাঙ্গীর। তিনি প্রথম আলোকে বলেন, শুরুতে প্রশিক্ষণ ছাড়াই অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে এক দিন তা চালানো শেখানো হয়। তাঁরা একসঙ্গে ১৬ জন ছিলেন যুদ্ধের ক্যাম্পে। চারজন মারা যাওয়ার পর তাঁর দিন কাটছিল আতঙ্কে। অসুস্থ হয়ে দুই মাস হাসপাতালে কাটান। সেখান থেকে পালান এবং দূতাবাসের মাধ্যমে দেশে ফেরেন।