রাজধানীর বঙ্গবাজার মোড়ে তীব্র যানজট। মোটরসাইকেলে বসে সামনে এগোনোর পথ খুঁজছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজীর হোসাইন। চোখের সামনে সড়কের দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে। চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে।
রাস্তায় বাস পার্কিং কেন? দায়িত্বরত এক পুলিশ সদস্যকে প্রশ্ন করেন তানজীর। জবাবে পুলিশ সদস্য বলেন, ‘আমরা পারি না, আপনি একটু বাইক থেকে নাইম্যা বাসগুলো সরায়া দ্যান।’
গত ৩১ আগস্ট দুপুরের ঘটনা এটি। কথোপকথনের সময় সেখানে এই প্রতিবেদকও উপস্থিত ছিলেন। তানজীর হোসাইন পরে প্রথম আলোকে বলেন, ‘সড়কে বাস পার্কিংয়ের কারণে যানজট তৈরি হচ্ছে, অথচ তা নিয়ে পুলিশের এমন গা–ছাড়া বক্তব্যে হতাশ হয়েছি।’