‘আমি পড়াশোনা করতে চাইছিলাম। বিয়েতে রাজি ছিলাম না। বলছিলাম, আমি তো কিশোরী। আমার বয়স হয় নাই।’ কথাগুলো বলেছে বাল্যবিবাহের শিকার এক কিশোরী। তার সুরক্ষার স্বার্থে নাম প্রকাশ করা হলো না।
নিজ এলাকায় কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ছিল এই স্কুলছাত্রী। বাল্যবিবাহের কুফল নিয়ে সে অন্য মেয়েদের সচেতন করত। তিন মাস পরপর তাদের বাড়ির উঠানে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরির জন্য বৈঠক করত। গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার তিন মাসে আগে তাকে জোর করে বিয়ে দেন মা–বাবা।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই মেয়ের সঙ্গে প্রথম আলোর কথা হয় গতকাল বৃহস্পতিবার। মেয়েটি দরিদ্র পরিবারের। তার পড়ার আগ্রহের কথা শুনে বরপক্ষ বলেছিল, বিয়ের পর পড়ার খরচ তারাই জোগাবে। তবে বিয়ের এক মাসের মধ্যেই উল্টো ব্যবসার জন্য যৌতুক চেয়ে মেয়েটিকে চাপ দিতে থাকেন স্বামী। নির্যাতনের মুখে তিন মাসের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।