নওগাঁর মহাদেবপুর উপজেলার আলীদেওয়ানা গ্রামে বসতভিটার গাছ আর বাঁশঝাড়ে প্রতিবছর বাসা বাঁধে নানা প্রজাতির জলচর পাখি। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে তাদের প্রজনন ও ছানা বড় করার পালা। দুই দশক ধরে এসব পাখি রক্ষা করছেন গ্রামের মানুষ। দেশের চার বিভাগের ২৪ জেলার প্রজনন এলাকা নিয়ে এক গবেষণায়ও সবচেয়ে বেশি জলচর পাখি পাওয়া গেছে নওগাঁয়।
গবেষণায় নওগাঁয় ১২ প্রজাতির ২৫ হাজার ৭৪১টি পাখি পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গো-বক। পাখির সংখ্যায় দ্বিতীয় সিলেট, সেখানে ছয় প্রজাতির পাখি পাওয়া গেছে ১৮ হাজার ৩৮২টি। সিলেটেও সবচেয়ে বেশি গো-বক। তৃতীয় অবস্থানে থাকা নেত্রকোনায় সাত প্রজাতির পাখির সংখ্যা ১৭ হাজার ৭৪৮। সবচেয়ে কম পাখি পাওয়া গেছে জামালপুরে—পাঁচ প্রজাতির মাত্র ৪৪০টি।