গাছের ডালে ডালে ঝুলছে পাকা ও আধা পাকা কমলা। ঘন সবুজ পাতার ফাঁকে কোনোটি হলদে, কোনোটি হালকা সবুজ, আবার কোনোটি পেকে উজ্জ্বল কমলা রং ধারণ করেছে। ফলের ভারে নুয়ে পড়েছে কয়েকটি ডাল। বাগানের ভেতরে সরু পথ ধরে এগোতেই চোখে পড়ে ফল সংগ্রহের ব্যস্ততা। গাছ থেকে কাঁচি দিয়ে কমলার বোঁটা কেটে বাঁশের ঝুড়িতে রাখছেন কৃষক। ঝুড়ি ভরে গেলে সেগুলো ঢেলে রাখা হচ্ছে বাগানের ভেতরে বিছানো ত্রিপলের ওপর। সেখানে জমছে টাটকা কমলা।
এটি কোনো পাহাড়ি এলাকার বাগান নয়। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কৃষক আবদুল গফফারের বাগান। ২৫ নভেম্বর দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় আড়াই বিঘা জমির বাগানে চায়না থ্রি জাতের ১৪৪টি কমলাগাছে ফল ধরেছে। সাত থেকে আট বছর বয়সী কোনো কোনো গাছে এক থেকে দেড় মণ পর্যন্ত কমলা হয়েছে।