বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬’। প্রথমা প্রকাশন ও এইচএসবিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
বিজয় বইমেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ থেকে ৭০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বিদেশি বই পাওয়া যাবে বিশেষ বিনিময় হারে। প্রতি রুপির দাম পড়বে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা।
কাল বিকেল চারটায় বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, লেখক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনারও আয়োজন থাকছে।