উঠানের এক কোণে গর্ত। সেখানে মাটির ওপরে বাঁশের বেড়ার গোলাকার বেষ্টনী। রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজির খোসা আর ঘাস ফেলে রাখা হয়েছে। সেগুলো পচে তৈরি হচ্ছে রাসায়নিকমুক্ত সার। অন্য পাশে নিমপাতা ও রসুন বেটে বালাইনাশক বানাচ্ছেন সরমা রানী (৪৮)। চারপাশে সারি সারি বিভিন্ন সবজি ও ফলের গাছ, আছে নানা জাতের মরিচ। এসব ফসলের বীজও সংরক্ষণ করা হয় এই বাড়িতেই।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে সরমা রানীর বাড়িতে গত রোববার গিয়ে এই দৃশ্য দেখা যায়। নিজের বসতভিটার ৩৩ শতাংশ জমিতে তিনি বিষমুক্ত সবজি চাষ করেন।