মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয় আছিয়া বেগমের। তাঁর স্বামী আগে থেকেই ছিলেন তিন সন্তানের বাবা। বিয়ের এক বছর পর আছিয়ার গর্ভে সন্তান আসে। গর্ভের সন্তানের বয়স যখন চার মাস, তখন স্বামী নুরু মিয়া তাঁকে ছেড়ে ঢাকায় চলে যান।
গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক ফলগাছা গ্রামের এই কিশোরী বধূর জীবনের শুরুতেই আঁধার নেমে এসেছিল। স্বামী চলে যাওয়ার পর আছিয়া দিনমজুর বাবার সংসারে বোঝা হয়ে পড়েন। নিরুপায় হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বেছে নেন গৃহকর্মীর কাজ। এ কাজ করেন চার বছর।