বাংলাদেশে ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের গণরায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।