একসময় নিজের উপার্জনে চলতেন সোহেল মাঝি। ছিল স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনের গর্ব। কিন্তু ১৫ বছর আগে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক দুর্ঘটনা বদলে দেয় তাঁর জীবন। কর্মক্ষমতা হারিয়ে ফেলেন চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামের মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে সোহেল মাঝি (৪২)। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে একে একে বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসা। ফুরিয়ে আসে জীবনের সব সম্বল।
সেই দুঃসময়ে সোহেলের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তাঁর মা। কিন্তু সাত বছর আগে মায়ের মৃত্যুর পর সেই আশ্রয়টুকুও হারিয়ে যায়। অসহায় ভাইয়ের পাশে তখন এসে দাঁড়ান ছোট বোন রেহানা আক্তার (৩৫)। ভাইয়ের দুর্দশা দেখে স্বামীর সংসার ছেড়ে ছোট্ট সন্তানকে নিয়ে চলে আসেন তাঁর কাছে।