চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় যুবদল ও ছাত্রদল আয়োজিত একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে শোভাযাত্রায় হামলা করা হয়। হামলায় যুবদল-ছাত্রদলের অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।