ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় আজ শনিবার সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে সাভার–আশুলিয়ার ১১টি কারখানা। আজ বেলা ১১টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া।