কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতাকে প্রথমে সরকারের সঙ্গে দলটির সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ ভেবেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে কয়েকজন নেতার আক্রান্ত হওয়া এবং সহিংসতার মাত্রা বৃদ্ধির পর এবার বিষয়টিকে তারা ‘সিরিয়াসলি’ নিয়েছে। তাই আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে এনসিপি।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংস পরিস্থিতির মধ্যে গতকাল বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ। বৈঠক শেষে বাংলামোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে টানা কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে এনসিপি। এসব কর্মসূচি হবে পাঁচ দাবিতে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।