রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যাত্রা শুরু করল গ্রেগরিয়ান মিউজিয়াম। সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির (টিজিএস) যৌথ উদ্যোগে সম্প্রতি এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান ভবনের পঞ্চম তলায় এই জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৮৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার নানা স্মৃতিচিহ্ন এখানে স্থান পেয়েছে। ঐতিহাসিক নথিপত্র, দুর্লভ আলোকচিত্র, বিভিন্ন স্মারক ও নিদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে গ্রেগরিয়ানদের অবদানকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।