নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে ধরা পড়া কুমিরটির ঠাঁই হয়েছে গাজীপুর সাফারি পার্কে। পার্কে কুমিরের জন্য নির্দিষ্ট বেষ্টনীতে অন্য কুমিরের সঙ্গে রাখা হয়েছে এটিকে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে নেওয়া হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান।