রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি আশ্রয়শিবিরে তাঁদের শিক্ষা, দক্ষতা ও জীবিকার সুযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। তাঁরা বলছেন, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জীবনযাত্রার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপে এসব কথা উঠে আসে। সংলাপের আয়োজক ব্র্যাক।