দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস–ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে আগুন দেওয়ার ঘটনাও আছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন। এর আগে সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।