দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এ সময়ে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে আওয়ামী লীগ সরকার নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আনে।
এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।