রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালান। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা রেজাউল আরও বলেন, হামলার সময় দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন-চারজন আহত হয়েছেন।