স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে রয়েছেন মো. ছায়েদুল হক (৫০)। স্বল্প বেতনের চাকরি, তাই সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। বাড়তি আয়ের জন্য তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে ধান, সবজির চাষ করেছেন অনেক দিন। তবে এতে খুব একটা সফলতা পাননি। দুই বছর ধরে করছেন আখ চাষ। এতে ভালো আয় হচ্ছে তাঁর, সংসারে এসেছে সচ্ছলতা।
ছায়েদুল হকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে। সবুজে মোড়ানো শান্ত গ্রামটির এক কিলোমিটার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিছুটা পূর্বে পাশ ঘেঁষে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথও। এরপরই সুউচ্চ পাহাড়ের সারি।