চট্টগ্রামের রাউজানে বিয়ের ৪ মাস ৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহত নববধূর নাম রিমা দে (১৯)। তিনি ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দম্পতির মেয়ে। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। তবে পুলিশের ধারণা, ওই নববধূ আত্মহত্যা করেছেন।