খুলনায় গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এই সময়ে গুলিবিদ্ধ হয়ে ছয়জনসহ নয়জন নিহত।
মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অপরাধী গোষ্ঠীগুলো। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘটছে এসব ঘটনা। আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধে চলা অস্ত্রবাজি থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষও।
২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২২ দিনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। এর মধ্যে একটি ঘটনায় চাঁদার দাবিতে ক্লিনিকে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গুলিতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে ২২ দিনে নয়টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা নগরে, বাকি চারটির তিনটি রূপসা উপজেলায় এবং অন্যটি ডুমুরিয়ায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে।