ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মন্দিরের সেবায়েতকে কক্ষে আটকে রেখে সোনা ও রুপার অলংকার, দানবাক্সের টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও মন্দির সূত্রে জানা গেছে, পশ্চিমপাড়ার বাসিন্দা সমীর ঘোষ গত ৩০ অক্টোবর মারা যান। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে পরিবার। এ জন্য লক্ষাধিক টাকার খাবার ও অন্যান্য মালামাল কিনে গতকাল রাতে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল।