ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কের দুই পাশের চার শতাধিক গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি ও রোড চাম্বুল।
লালমোহন উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রমাগঞ্জ ইউনিয়নে কর্তারহাট–রায়চাঁদ সড়কটি অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন সড়কটি থেকে প্রকাশ্যে লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীন ও তাঁর সহযোগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা (বর্তমানে কমিটি নেই) হিসেবে পরিচিত মো. মাসুম এসব গাছ কাটার সঙ্গে জড়িত। তবে চলতি মাস থেকে গাছ কাটা বন্ধ আছে।