আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের কাছে বাসা নেন দৈনিক ২০০ টাকা ভাড়ায়। খাবার খরচ তো আছেই। একদিন হাসপাতালের দেয়ালে সাঁটানো কাগজে একটি ঠিকানা চোখে পড়ে রূপা রানীর।