সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে দফায় দফায় হইচইয়ের ঘটনা ঘটেছে। বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি সংসদে তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রলবোমা মেরে আগুন লাগানো হয়েছে। নাহিদের বক্তব্যের কিছু সময় পর আগুনের ঘটনার বিষয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।