ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে। আমি বই পড়েছি। আমার বিশ্বাস, ফল ভালো হবে—কথাগুলো বলছিল বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ধরা পাল। এই প্রতিযোগিতা ঘিরে তার কথায় ছিল উচ্ছ্বাস–উদ্দীপনা।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এই বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।