পুলিশের করা একটি মামলা থেকে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে। এ ঘটনায় গতকাল বুধবার গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। এত দিন পর তিনি কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।