কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’
আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তুলেছেন নুসরাত তাবাসসুম। এর আগে আজ সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।