রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে আজ বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান। একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।
পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নিলামে মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।