ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানা এলাকার খালার বাসা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়।
পালানোর মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এসআই সুফল কুমার বলেন, আদালত থেকে পালানোর পর আসামি তাঁর বোনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর নিজ বাসায় যান। রাতে তিনি তাঁর খালার বাসায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ ভোরে পুলিশ তাঁর খালার বাসায় অভিযানে যায়। তখন তিনি ঘুমিয়ে ছিলেন। অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।