প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা–গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, প্রকল্পে ভুল বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হবে। এর দায় বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ বুধবার ‘ঢাকা–গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এর আয়োজন করে।