কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী স্লোগান নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম। দলটির বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তরুণদের এই দল। তবে জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে এনসিপিকে আগের মতো তৎপর দেখা যায়নি।
এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সাম্প্রতিক নাশকতার বিষয়ে ‘ভিন্ন মূল্যায়নের’ কারণেই এনসিপি সচেতনভাবেই কম তৎপর। পরিস্থিতি সম্পর্কে এনসিপির মূল্যায়ন হচ্ছে, এখন যা হচ্ছে, তা সরকার নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড করার সুযোগ দিচ্ছে। এই ‘নিয়ন্ত্রিত নাশকতার’ বিরুদ্ধে মাঠে নামার কিছু নেই। তবে সত্যিকার অর্থে হুমকি তৈরি হলে এনসিপি সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামবে।