পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়িতে পুলিশ আসতে দেখে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। আজ বুধবার ভোরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ইউপি সদস্যের অভিযোগ সঠিক নয় ও বিভ্রান্তিকর দাবি করে আজ বিকেলে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। এতে বলা হয়েছে, মাসুদ রানা নামের ওই ইউপি সদস্যের বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল।