চলতি বছরের ২৭ অক্টোবর। প্রকৃতিতে তখন হেমন্তের আবহ। ভোরের বাতাসে হালকা শীতের পরশ, চারদিকে স্নিগ্ধ আলো। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলাম ব্রহ্মপুত্রের তীরঘেঁষা জয়নুল আবেদিন উদ্যানে। হাঁটা শেষে ফেরার পথে একটু ঢুঁ মারলাম ময়মনসিংহের কাছারিঘাট এলাকার বাংলাদেশ নার্সারিতে। হঠাৎ চোখ আটকে গেল এক কোণে রাখা কয়েকটি টবের লতানো গাছে। গাছে ফুটে আছে লালচে-গোলাপি আভাযুক্ত ছোট ছোট ফুল। পাপড়ির কিনারায় সূক্ষ্ম সাদা রেখা, রঙের বৈপরীত্যে অপূর্ব তাদের সৌন্দর্য। ভোরের কোমল আলোয় ফুলগুলো যেন আরও মায়াবী হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে ঝটপট কয়েকটি ছবি তুলে নিলাম। ফুলটির নাম জাপানি মর্নিং গ্লোরি। বাংলায় একে ‘জাপানি ভোর গরবী’ বলা চলে।