গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার ও তাঁদের আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন (৮)।
সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ প্রথম আলোকে বলেন, শিশু সন্তানসহ ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ।