বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ওঁরাও জাতিগোষ্ঠীর পালা-পার্বণ সব কৃষি ঘিরে। সেই কৃষির উন্নতি কামনায় গোয়ালপূজা ঘিরে অনুষ্ঠিত হয়েছে ‘সোহরাই’ বা ‘ঝান্ডি’ উৎসব, যা শেষ হয়েছে গত মঙ্গলবার রাতে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ওঁরাওদের গ্রামগুলোতে তিন দিনের এ উৎসব পালিত হয়। ওঁরাওরা জানান, প্রথম দিন রোববার সন্ধ্যায় বাড়ি, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান ও সমাধিস্থলে মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে শুরু হয় সেহরাই। পরদিন সোমবার চলে গোয়ালপূজা। এদিন করা হয় গবাদিপশুর বিশেষ যত্ন-আত্তি। কৃষি সরঞ্জাম; অর্থাৎ হাল-লাঙল, দা-কোদাল, খুন্তি-কাস্তে পরিষ্কার করে দেওয়া হয় চালের আটার গোলানি ও সিঁদুরের ফোঁটা। বাড়িঘর ধুয়েমুছে, উঠান লেপে আঁকা হয় আলপনা। গবাদিপশু ও কৃষির উন্নতি কামনা করে গোয়ালঘরে গৃহ ও গো–দেবতার পূজা দেওয়া হয়। গবাদিপশুকে বিশেষভাবে ভাত রান্না করে খাওয়ানো হয়। এর আগে পশুদের গোসল করিয়ে শিংয়ে তেল-সিঁদুর মাখানো হয়। বয়স্করা স্থানীয়ভাবে তৈরি পানীয় পান করে মনের আনন্দে গান গান, মাদলের তালে নাচেন।