২০৩৬ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর্থনীতির দৈনন্দিন কর্মকাণ্ডে এমনভাবে মিশে যেতে পারে যে আমরা আলাদা করে তার উপস্থিতি খেয়ালই করব না। ব্যবসার সফটওয়্যার, কারখানার যন্ত্রপাতি কিংবা সরকারি সেবা—সর্বত্র থাকবে এর ব্যবহার। বাংলাদেশেও হয়তো কোটি তরুণ এআই ব্যবহার করবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের আগামী দিনের অর্থনীতির প্রযুক্তিগত সক্ষমতা হতে পারে সীমিত, উৎপাদনশীল কাজের সুযোগ অপ্রতুল এবং বাড়তে পারে শিক্ষিত বেকার তরুণ জনগোষ্ঠী।
যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখে, তার জন্য এই পার্থক্য গুরুত্বপূর্ণ। প্রযুক্তির প্রসারকে রপ্তানি সক্ষমতা, প্রাসঙ্গিক ও মানসম্মত শিক্ষা, ভালো কর্মসংস্থান ও উন্নত জীবনমানের সঙ্গে যুক্ত করতে হবে। ২০৩১ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থানের সরকারি অঙ্গীকার এবং খসড়া জাতীয় এআই নীতি সেই প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেয়।