কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় পুলিশের এক সোর্সও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান। তবে আহত সোর্সের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে সেখানে কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে যান।